প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০২:৩২ পিএম

অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

মিঠামইনের ইমামনগর গ্রামে লাঠিসোঁটা হাতে মুখোমুখি দুই পক্ষের লোকজন। ছবি : সংগৃহীত

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষের একদিকে রয়েছেন বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া, অন্যদিকে সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজন ও অনুসারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির অভিযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশের উদ্যোগ নেন।

তবে সালিশের আলোচনা শুরু হওয়ার আগেই গ্রামের সামনের একটি মাঠে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দা, বল্লম ও টেটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য তিনি ইমামনগর গ্রামে সালিশে বসার উদ্যোগ নেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসার প্রস্তুতির মধ্যেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন