প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার, ২০২৬, ১০:০৭ পিএম

অনলাইন সংস্করণ

বাহুবল বাজারে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে আহত ২৫

ছবি : সংগৃহীত

বাহুবল বাজারে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের তোহা বাজারের বকুলতলা এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখল নিয়ে গত তিন-চার দিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এ নিয়ে কয়েক দফা কথা কাটাকাটি ও ঝগড়ার ঘটনাও ঘটে। এরই জের ধরে রোববার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ শুরু হলে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন এবং পথচারী ও ক্রেতারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এতে কিছু সময়ের জন্য বাজার এলাকায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে বাহুবল মডেল থানা ও জেলা পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও এগিয়ে আসেন। পরে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন