প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ০৮:০২ এ এম
অনলাইন সংস্করণ
মোঃ আব্দুর রশীদ: চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, “হাসপাতাল আমাদের সবার। দল-মত নির্বিশেষে সুশীল সমাজসহ সবাইকে নিয়ে আমরা চৌগাছা উপজেলা হাসপাতালকে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করতে চাই।”
সম্প্রতি চৌগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত থেকে তিনি হাসপাতালের নতুন ডেন্টাল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সভায় হাসপাতালের জনবল সংকট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে ৫০ জন নতুন স্টাফ নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ নিজস্ব তহবিল থেকে ২০ জন স্টাফের বেতন-ভাতার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
অন্যদিকে বাকি ৩০ জন স্টাফের দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন। এর মধ্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নির প্রতিনিধি হিসেবে সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী একজন করে স্টাফের দায়িত্ব নেন।
সভায় এমপি আরও বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এখানে রাজনীতির কোনো স্থান নেই। দল-মত নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা চৌগাছা উপজেলা হাসপাতালের আমূল পরিবর্তন আনতে চাই, যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় সর্বোচ্চ চিকিৎসাসেবা পৌঁছে যায়।”
সমন্বয় সভায় উপজেলা হাসপাতালের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতালে ডেন্টাল ইউনিট চালু এবং দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে নতুন স্টাফ নিয়োগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, এ উদ্যোগের মাধ্যমে চৌগাছা উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
মন্তব্য করুন