প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মনিরামপুরে জামায়াত নেতা বহিষ্কার

ছবি: সংগ্রীহিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন পেশাজীবী পরিষদের সভাপতি ও জামায়াতের কর্মী আসাদুজ্জামান মুরাদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে যশোর জেলা জামায়াত।

জেলা জামায়াতের প্যাডে জারি করা এক লিখিত সিদ্ধান্তে বলা হয়েছে, গত ২৩ মে ২০২৬ তারিখে মনিরামপুরে মাটি ক্রয়-সংক্রান্ত একটি টেন্ডার কার্যক্রমে আসাদুজ্জামান মুরাদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দলটির দাবি, ওই ঘটনায় তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এটি দলীয় নীতিমালা ও আদর্শের পরিপন্থী।

লিখিত সিদ্ধান্তে আরও বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে আসাদুজ্জামান মুরাদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ কার্যকর থাকা অবস্থায় তিনি সংগঠনের কোনো পর্যায়ের কমিটি বা সাংগঠনিক কার্যক্রমে সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড রক্ষায় এ ধরনের অভিযোগের ক্ষেত্রে দলীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্তব্য করুন