প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ
দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি এপ্রিলসহ আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। “ইনশাআল্লাহ, আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না,” যোগ করেন তিনি।
ব্রিফিংয়ে উদ্ধার অভিযান ও বর্তমান মজুত পরিস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়। মনির হোসেন চৌধুরী জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে—ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন। এ ছাড়া জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ টন।
মন্তব্য করুন