প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ১১:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার:
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবার (১১ জুলাই) এর মধ্যে বাধ্যতামূলকভাবে ডেলিভারি বা লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত ডেলিভারি বা লেবার রুম থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত দুই মাস ধরে উপজেলা পর্যায় পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে এবং লার্ভা নিয়ন্ত্রণে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে।
তিনি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও মোবাইল চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন স্যালাইনের সংকট থাকলেও বর্তমানে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোগীর জ্বর কমে গেলেও চিকিৎসক পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কাউকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের ঝুঁকি রয়েছে কি না, সে বিষয়ে চিকিৎসকদের কঠোরভাবে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি হাম প্রতিরোধে সরকারের টিকাদান কর্মসূচিও সফল হয়েছে।
অনুষ্ঠানে তিনি আরও জানান, দেশের স্বাস্থ্যসেবা জোরদারে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজারই নারী হবেন এবং তাদের অধিকাংশ মিডওয়াইফারি কর্মী হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন