প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ১২:৪১ পিএম

অনলাইন সংস্করণ

হামাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তুরস্কের গোয়েন্দাপ্রধান

ছবি: সংগ্রীহিত


আমাদের সকাল ডেস্ক:

গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পথ নিয়ে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)-এর প্রধান ইব্রাহিম কালিন।

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওই বৈঠকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল অংশ নেয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৈঠকে গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার লক্ষ্যে প্রস্তুত করা রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা জানান, হামাস প্রস্তাবিত রোডম্যাপের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে তারা অভিযোগ করেন, প্রস্তাবের জবাব দেওয়ার পরিবর্তে ইসরায়েল গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে, যা শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

বৈঠকে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অবিলম্বে বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পাশাপাশি এসব এলাকায় ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠকে গাজার চলমান মানবিক সংকটও আলোচনায় স্থান পায়। তুরস্ক জানায়, রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি মানবিক সহায়তা জোরদারের মাধ্যমে তারা গাজার জনগণের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত রাখবে।

এ ছাড়া গাজায় যুদ্ধ বন্ধ, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের অধিকার সুরক্ষা এবং মানবিক সহায়তা বৃদ্ধি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করতে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরা হয়।

বৈঠকে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্ক, কাতার ও মিসরের যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

শেষে হামাসের প্রতিনিধিদল গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের ভূমিকা এবং অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার জন্য দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
 

মন্তব্য করুন