প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
হবিগঞ্জে প্রবাসীর গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি
সাব্বির আহমেদ নোমান, হবিগঞ্জ:
হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের পাশে পাইকপাড়া রতনপুর এলাকায় সৌদি প্রবাসী সোহরাব আলীর কষ্টার্জিত অর্থে নির্মিত একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৭ জুলাই শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে গ্যারেজে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে গ্যারেজে থাকা ৪টি সিএনজি, ২টি ব্যাটারিচালিত টমটম, কয়েকটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন গ্যারেজের মালিক।
ভুক্তভোগী সোহরাব আলী বলেন, "অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। এটি বিদ্যুৎজনিত ত্রুটির কারণে হতে পারে, আবার প্রতিহিংসামূলক ঘটনাও হতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, পৌর জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুল ইসলাম সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত সোহরাব আলীর সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং আইনি সহায়তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে সোহরাব আলী স্থানীয় প্রশাসনের কাছে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন