প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
মনিরামপুরে অস্বাস্থ্যকর দই বিক্রির অভিযোগে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা
মামুনুর রশিদ খান
মনিরামপুর যশোর প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের অভিযোগে বনফুল এন্ড কোং-এর একটি শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জুলাই) দুপুরে পৌরশহরের উত্তর মাথা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির শোরুমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটির মনিরামপুর শাখায় কর্মরত আবু মূসা হৃদয় (৩০)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
প্রশাসন জানায়, সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা অতিথি আপ্যায়নের জন্য প্রতিষ্ঠানটি থেকে দই কিনেছিলেন। পরে দই পরিবেশনের সময় দুর্গন্ধ ও অস্বাভাবিক রঙ দেখতে পেয়ে তিনি সেটি প্রতিষ্ঠানটিতে ফেরত নিয়ে যান। এ সময় বনফুল কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়, দই ফ্রিজে সংরক্ষণ না করায় এমনটি হয়েছে।
পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান, মনিরামপুর থানা পুলিশের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের সঙ্গে প্রতারণা কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন