প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৭ এ এম

অনলাইন সংস্করণ

৩ শিক্ষকে চলছে ১০০ শিক্ষার্থীর পাঠদান, কুলাউড়ায় শিক্ষক নিয়োগের দাবি

 

রিপন আহমদ: কুলাউড়া (প্রতিনিধি)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া ওই আবেদনপত্রে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ (এসএমসি) ও এলাকাবাসীর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।এসময় আবেদনকারী এসএমসি সভাপতি মোঃ জাকির হোসেন, মাওলানা মোঃ হাফিজুল ইসলাম, নাজির ছবরী হাম্মা উপস্থিত ছিলেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে বর্তমানে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন মাত্র তিনজন শিক্ষক। এছাড়া পাঁচটি শ্রেণির পাঠদান, পরীক্ষা গ্রহণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম মাত্র তিনজন শিক্ষকের পক্ষে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বদরুল ইসলাম থাকলেও তিনি বিগত ৭ বছর ধরে উপজেলা অফিসে কর্মরত রয়েছেন। ফলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

আবেদনকারীদের দাবি, শিক্ষক সংকটের কারণে প্রতিদিন কোনো না কোনো শ্রেণির পাঠদান বন্ধ রাখতে হচ্ছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের শিক্ষার মান ও উজ্জ্বল ভবিষ্যতের কথা বিবেচনা করে সহকারী শিক্ষক মো. বদরুল ইসলামের সংযুক্তি বাতিল করে তাকে বিদ্যালয়ে ফিরিয়ে আনা অথবা শশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত দুইজন নতুন শিক্ষক দেওয়ার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মৌলভীবাজার বরাবর এবং কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে দাখিল করা হয়েছে।

মন্তব্য করুন