প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ
মণিরামপুর(যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে মাদক, সন্ত্রাস, চুরি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিস্তার প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় আয়োজিত এ সভায় শিক্ষার্থী, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আবু সাঈদ বলেন, “কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ শুধু একটি পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়; এগুলো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ।”
তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও বন্ধুত্বপূর্ণ নজরদারি রাখতে হবে। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে ভয় বা সংকোচের কারণে তা গোপন না করে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
তিনি আরও বলেন, সম্মিলিত সচেতনতাই মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর থানার সেকেন্ড অফিসার মানিক কুমার সাহা, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন,দূর্বাডাঙ্গা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ দূর্বাডাঙ্গা ইউনিয়ন জামায়াত ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন