প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০৯:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করতে অনলাইনে ই-রিটার্ন (e-Return) সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন কর অঞ্চলে না গিয়েই ঘরে বসে কয়েকটি সহজ ধাপে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাচ্ছে।
অনলাইনে রিটার্ন জমা দিতে হলে প্রথমে কিছু প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে ১২ সংখ্যার ই-টিআইএন (e-TIN) নম্বর, করদাতার নামে নিবন্ধিত বায়োমেট্রিক সিমযুক্ত মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং সংশ্লিষ্ট করবর্ষের আয়, ব্যয়, ব্যাংক হিসাব, বিনিয়োগ ও সম্পদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য।
প্রথম ধাপে এনবিআরের ই-রিটার্ন পোর্টালে প্রবেশ করে নতুন ব্যবহারকারী হলে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময় ই-টিআইএন নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি (OTP) যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর একটি নিরাপদ পাসওয়ার্ড নির্ধারণ করে নিবন্ধন শেষ করা যাবে।
নিবন্ধনের পর টিআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে লগইন করতে হবে। এরপর ‘Single Year Return’ নির্বাচন করে ‘Prepare Return’ অপশনে গিয়ে করবর্ষ, আয়ের উৎস এবং সংশ্লিষ্ট কর অঞ্চলের তথ্য পূরণ করতে হবে।
পরবর্তী ধাপে করদাতাকে বেতন, ব্যবসা, বাড়ি ভাড়া বা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয়ের তথ্য দিতে হবে। একই সঙ্গে কর রেয়াত পাওয়ার জন্য প্রযোজ্য বিনিয়োগের তথ্য, পারিবারিক ব্যয়ের বিবরণ এবং স্থাবর-অস্থাবর সম্পদের তথ্যও যুক্ত করতে হবে।
সব তথ্য পূরণের পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে করের হিসাব নির্ধারণ করবে। কর পরিশোধযোগ্য হলে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। কর প্রদানের প্রয়োজন না হলে শূন্য (জিরো) রিটার্নও দাখিল করা যাবে।
চূড়ান্তভাবে রিটার্ন জমা দেওয়ার আগে ‘Tax Return View’ অপশনে গিয়ে সব তথ্য ভালোভাবে যাচাই করার পর ‘Submit Return’ বাটনে ক্লিক করতে হবে।
রিটার্ন সফলভাবে জমা হলে একটি Acknowledgement Receipt বা প্রাপ্তিস্বীকারপত্র পাওয়া যাবে। ভবিষ্যৎ প্রয়োজনে এটি ডাউনলোড করে সংরক্ষণ বা প্রিন্ট করে রাখা উচিত। এই প্রাপ্তিস্বীকারপত্রই অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সরকারি প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
মন্তব্য করুন