প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১০:৩৭ এ এম

অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে ২০ লাখ টাকার জিরা লুটের দায়ে জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

 

সাইফুল ইসলাম: শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জিরা বহনকারী একটি গাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকার মসলা লুটের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযানে নেমে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি জাহেদ আলী (৩০) শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার বাসিন্দা। রোববার (২১ জুন) দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার ব্যবসায়ী আফজালুর রহমানের মালিকানাধীন ৪ হাজার ৮০০ কেজি (১৬০ বস্তা) জিরা বহনকারী একটি কাভার্ডভ্যান গত ১৬ জুন বিকেলে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গাড়ির চালক ও সহকারীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে।

অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা জিরাভর্তি গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং চালক-সহকারীকে জিম্মি অবস্থায় শহরতলীর উত্তরসুর এলাকায় নিয়ে গিয়ে নামিয়ে দেয়। পরে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জিরা, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী আফজালুর রহমান জানান, ঘটনার পর চালক ও সহকারীর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে কিছুটা সময় লাগে। পরে শনিবার শ্রীমঙ্গল থানায় জাহেদ আলীসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। অভিযানের মাধ্যমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন