প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ০৭:৩৯ এ এম

অনলাইন সংস্করণ

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

 

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে কুলাউড়া থানা পুলিশের একটি অভিযানে উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর এলাকার মো. কাউছার মিয়া (৩২), বেরিরচক এলাকার জসিম মিয়া (৩২), কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার মো. সালাউদ্দিন (২৯), কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সতিজিরগ্রাম এলাকার রেজাউল ইসলাম মামুন (২৮) এবং অপর এক অভিযানে রাজনগর উপজেলার কদমহাটা এলাকার দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬)।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৫৯৮), একটি প্লাস্টিকের হাতলযুক্ত কাটার, একটি স্টিলের সুইস গিয়ার ছুরি, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার কাউছার মিয়ার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির ১১টি, জসিম মিয়ার বিরুদ্ধে ১২টি এবং সালাউদ্দিনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তার দেলোয়ার হোসেন ওরফে আহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ১৪টি মামলা রয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতাল রোড এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কুলাউড়া থানা পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অপরাধ দমন, ডাকাতি প্রতিরোধ এবং পলাতক অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন