প্রকাশিত: ৫ জুন, ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক || বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণ রোধ এবং নগরবাসীকে পরিবেশ সচেতন করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। প্লাস্টিকের ব্যবহৃত খালি বোতল জমা দিলেই বিনামূল্যে দেওয়া হচ্ছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর মহাখালীর টি অ্যান্ড টি মাঠে ১০ দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন। ৩টি গাছ রোপণ এবং প্লাস্টিকের বোতলের বিনিময়ে উপস্থিত কয়েকজনের হাতে গাছের চারা উপহার তুলে দিয়ে তিনি এই কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনকালে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী ঢাকাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চায়।"
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, "দূরদর্শী পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের অভাবে ঢাকা এখনো পুরোপুরি বাসযোগ্য নগরীতে পরিণত হয়নি। বায়ুদূষণ, যানবাহনের কালো ধোঁয়া, শব্দদূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা সমাধানে সৎ নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন।" দুর্নীতিবাজদের মাধ্যমে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি একটি নিরাপদ ও মানবিক নগরী গড়তে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার তাগিদ দেন।
পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর রাজধানীতে বছরে অন্তত একদিন ‘যানবাহনমুক্ত দিবস’ পালনের দাবি জানান। ওই দিন যান্ত্রিক যানবাহনের পরিবর্তে সাইকেল চালানো এবং পায়ে হাঁটার সংস্কৃতিকে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি, পরিবেশ আন্দোলনে যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে তিনি প্রতিটি ভবনের ছাদে ছাদবাগান গড়ে তোলার পরামর্শ দেন।
ঢাকা মহানগরী উত্তর যুব-ক্রীড়া বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ডা. ফখরুদ্দিন মানিক (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি)
আতাউর রহমান সরকার (প্রচার-মিডিয়া সম্পাদক)
জাহিদুল ইসলাম (ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি)
ডা. মাঈনুদ্দীন (যুব বিভাগের সহ-সভাপতি)
মিজানুর রহমান খান (বনানী থানা আমীর)
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নগরবাসীর সম্মিলিত উদ্যোগই পারে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে ফিরিয়ে দিতে।
মন্তব্য করুন