প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০৮:২৭ এ এম

অনলাইন সংস্করণ

মিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দ্য ইয়ুথ রেজোন্যান্সের সেমিনার

ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী এক শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স-ঢাকা টিম’। শুক্রবার (২৩ মে) অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেয় ৩০ জনের বেশি শিশু।

আয়োজকরা জানান, শিশুদের শিক্ষা, সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও মানবিক আচরণ বিষয়ে উদ্বুদ্ধ করতেই এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন সামাজিক সমস্যা, নিরাপত্তা সচেতনতা এবং পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

সেমিনারটি পরিচালনা করেন অতিথি শিক্ষিকা শাহানুর আক্তার সাতু। এ সময় উপস্থিত ছিলেন দ্য ইয়ুথ রেজোন্যান্স-ঢাকা টিমের সদস্যরা। পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন সংগঠনটির কো-ফাউন্ডার আনাস জামিল। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় হেলথ ডিপার্টমেন্টের প্রধান তাহসিন তাবাসসুমসহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

কর্মসূচিতে শিশুদের সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি আলোচিত স্কুলপড়ুয়া শিশু রামিসার মর্মান্তিক ঘটনার বিষয়েও আলোচনা করা হয়। বক্তারা শিশু নিরাপত্তা, ন্যায়বিচার এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় অংশগ্রহণকারী শিশুরা রামিসার জন্য ন্যায়বিচারের দাবি জানায় এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায়।

দ্য ইয়ুথ রেজোন্যান্সের কো-ফাউন্ডার আনাস জামিল বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা, সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ এবং মানবিক সহায়তা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতেও সমাজ উন্নয়ন ও শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়ন ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

মন্তব্য করুন