প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১২:২৮ পিএম

অনলাইন সংস্করণ

স্বাস্থ্য অধিদপ্তরে আদ্-দ্বীনের বিদেশি শিক্ষার্থীরা, সাক্ষাৎ মেলেনি মহাপরিচালকের

ছবি সংগ্রীহিত

 

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম স্থগিত থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রতিষ্ঠানটির বিদেশি শিক্ষার্থীরা। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার প্রেক্ষাপটে সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে অধিদপ্তরে যান তারা।

সকাল সাড়ে ১০টার দিকে একদল শিক্ষার্থী স্বাস্থ্য অধিদপ্তরে উপস্থিত হলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পরও কোনো ইতিবাচক সাড়া না পেয়ে তারা লিখিত আবেদন জমা দিয়ে ফিরে যান।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মহাপরিচালক গুরুত্বপূর্ণ কাজে বাইরে অবস্থান করায় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়নি। এছাড়া পূর্বনির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকায় তাৎক্ষণিকভাবে সাক্ষাতের ব্যবস্থা করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে আদ্-দ্বীন হাসপাতালে প্রায় ২৯৫ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ৮৬ জন ইন্টার্ন এবং ২০৯ জন মেডিকেল শিক্ষার্থী। অধিকাংশই ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করতে এসেছেন।

ভারতের কাশ্মীরের শিক্ষার্থী ডা. রেজা বলেন, স্থানীয় শিক্ষার্থীরা অন্য হাসপাতালে স্থানান্তরের সুযোগ পেলেও বিদেশি শিক্ষার্থীদের জন্য সে সুযোগ সীমিত। তাদের পাঠ্যক্রম অনুযায়ী একই প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন। ফলে দীর্ঘদিনের পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরেক শিক্ষার্থী ডা. খুজাইমা জানান, শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিষয়টির সমাধান চেয়ে দূতাবাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। এ কারণে তারা নিজেদের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে স্বাস্থ্য অধিদপ্তরে এসেছিলেন।

শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন