প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
সাকিব আহমেদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
সিলেট-৪ সংসদীয় আসনে (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন, “আমরা আমাদের মাটি ও মানুষকে বিজয়ী করে মহান সংসদে পাঠাতে চাই। আমি আমার মাটি ও মানুষকে বিজয়ী করতেই নির্বাচনে অংশ নিয়েছি।”
তিনি বলেন, বিজয়ী হলে আসনের অন্তর্ভুক্ত তিনটি উপজেলার সব সরকারি অফিস-আদালতকে দুর্নীতিমুক্ত করা হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের সন্তানকে বিজয়ী করতে মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক বটতলা ইরাদেবী মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি হাজী রফিক আহমদ ও নায়েবে আমীর নাজমুল ইসলামের যৌথ সঞ্চালনায় আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সমাজসেবী আব্দুল বাছিত সেলিম, জাতীয় পার্টির বশির আহমদ, যুবনেতা নাজমুল হাসান সিকদার, ইউপি সদস্য মাখন মেম্বার ও নূর মিয়া মেম্বার, এনসিপি জৈন্তাপুর উপজেলার প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম এবং জৈন্তাপুর উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আজমল হক প্রমুখ।
এছাড়াও জনসভায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের সিলেট জেলা, সিলেট মহানগর এবং জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় এই আসনের অন্তর্ভুক্ত তিনটি উপজেলার ২৭টি ইউনিয়নের ১৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৩০ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮০২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।
মন্তব্য করুন