প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:০০ এ এম
অনলাইন সংস্করণ
এম সাঈদ: সিলেট প্রতিনিধি
সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরের সোবহানীঘাটস্থ ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জামাতা নজরুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মে মাসে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফরিদ উদ্দিন চৌধুরী। চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে রাতে তিনি মৃত্যুবরণ করেন।
ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি একজন সজ্জন, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সিলেট অঞ্চলে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন।
সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন চৌধুরী নিজ এলাকার পৈতৃক সম্পত্তিতে একটি ফাজিল মাদরাসা প্রতিষ্ঠা করেন। এছাড়া শিক্ষা বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি সিলেট নগরের মিরাবাজার জামেয়া স্কুল অ্যান্ড কলেজ, আল-আমিন জামেয়া স্কুল, পাঠানটুলা কামিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
শিক্ষা ও চিকিৎসা খাতে তাঁর অবদান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সিলেটবাসীর কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর জানাজার সময়সূচি পরে ঘোষণা করা হবে।
মন্তব্য করুন