প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় সংঘটিত মোটরসাইকেল চুরির ঘটনাগুলো তদন্ত করতে গিয়ে একটি সংঘবদ্ধ চোরচক্রের সন্ধান মেলে। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আবদুল আল মামুন, বিশ্বজিৎ কর্মকার ও সুবাহান খাঁ। অভিযানের সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল আল মামুনকে ঝিনাইদহ সদর উপজেলার মোশেডাঙা এলাকা থেকে, বিশ্বজিৎ কর্মকারকে কালীগঞ্জের নিমতলা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে এবং সুবাহান খাঁকে কোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করে তাদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন