প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনার যে বক্তব্য দিয়েছেন, সেখানে ‘ভারত ও বাংলাদেশের এক হয়ে যাওয়ার’ বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি এ বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা জানতে সরকারের প্রতি আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, ভারত ও বাংলাদেশ উভয়ই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের প্রকৃত অর্থ স্পষ্ট হওয়া প্রয়োজন। অন্যথায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, বক্তব্যটির অর্থ ও প্রেক্ষাপট পরিষ্কার করা জরুরি। যদি বক্তব্যটি আক্ষরিক অর্থে দুই দেশের রাজনৈতিক বা রাষ্ট্রীয় একীভূত হওয়ার ইঙ্গিত বহন করে, তবে তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দুই দেশের মধ্যে প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন