প্রকাশিত: ৮ মে, ২০২৬, ১১:৫০ এ এম

অনলাইন সংস্করণ

কেশবপুরে জামায়াতের উদ্যোগে ২৪ পরিবারকে আত্মকর্মসংস্থানের সহায়তা

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অসহায়, দরিদ্র ও কর্মসংস্থানহীন মানুষের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পৌর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪টি পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. মোক্তার আলী। তিনি উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি ইবাদতেরও অংশ। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে মানুষ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, কোরআন-হাদিসে দান-সদকার গুরুত্ব অত্যন্ত বেশি। সমাজের সামর্থ্যবান মানুষদের মানবকল্যাণে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ওয়ালিউল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান। তিনি জানান, এ সহায়তার অর্থ কোনো সাংগঠনিক তহবিল থেকে নয়; বরং সংসদ সদস্য মোক্তার আলীর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে প্রদান করা হয়েছে।

এ সময় বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাইদ এবং সিনিয়র নায়েবে আমির মো. রেজাউল ইসলাম। তারা বলেন, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থানের বিকল্প নেই। সহায়তার অর্থ উৎপাদনমুখী কাজে বিনিয়োগের মাধ্যমে উপকারভোগীরা স্বনির্ভর হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন