প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:০৪ পিএম

অনলাইন সংস্করণ

পাঁচ হাজার মুসলিমকে বের করে দিয়েছে ভারত

ছবি সংগ্রীহিত

 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি দাবি করেছে, পশ্চিমবঙ্গে একজন শীর্ষ রাজনৈতিক নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি পেয়েছে। তাদের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সময়ে লোকজনকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশে বাধ্য করার চেষ্টা করেছে। কিছু ক্ষেত্রে পরিবারগুলোকে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। পঞ্চগড় সীমান্তের একটি ঘটনায় প্রায় ৭৫ ঘণ্টা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল বলে দাবি করেছে সংস্থাটি।

এইচআরডব্লিউ আরও বলেছে, কথিত অবৈধ অভিবাসী শনাক্ত করার প্রক্রিয়ায় অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত আইনি সহায়তা বা বিচারিক প্রক্রিয়া ছাড়াই বহিষ্কারের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কিছু মানুষকে আটক বা হয়রানির শিকার হতে হয়েছে।

মানবাধিকার সংস্থাটির মতে, বিচারিক প্রক্রিয়া ব্যতিরেকে কাউকে বহিষ্কার করা আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। তারা ভারত ও বাংলাদেশ—উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে, সীমান্তে জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনা বন্ধ করে আটকে পড়া মানুষের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে।

সীমান্ত এলাকায় নাগরিকত্ব ও পরিচয় যাচাই নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই প্রতিবেদন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, এমন সংবেদনশীল ইস্যুতে মানবিক দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতা এবং আইনি প্রক্রিয়ার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মন্তব্য করুন