প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১১:৩৯ এ এম

অনলাইন সংস্করণ

নন্দগ্রামে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম এলাকায় চলমান সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান মানহীন ইটের খোয়া ও অন্যান্য উপকরণ ব্যবহার করে সড়ক নির্মাণ করছে।

এলাকার এক বাসিন্দা, যিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন, জানান, সড়কের যেসব অংশে রোলার দিয়ে চাপ দেওয়া হয়েছে, সেগুলো সামান্য খুঁড়লেই নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের প্রমাণ মিলবে। রাস্তার পাশে বসানো ইটের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, দ্রুত কাজ শেষ করার উদ্দেশ্যে নির্মাণের গুণগত মানের সঙ্গে আপস করা হচ্ছে। এতে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না এবং অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সড়ক নির্মাণকাজের মান যাচাই, সম্ভাব্য ত্রুটি সংশোধন এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা সড়ক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন