প্রকাশিত: ৮ মে, ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে রাতের টহল অভিযানের সময় দুর্ঘটনায় এক নৌ পুলিশ সদস্য নিহত হয়েছেন। টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষে প্রাণ হারান মো. মহসিন সরদার (৪৩)।
বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রতিরোধ ও নদীপথে নিরাপত্তা জোরদারে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি টহল দল নদীতে অভিযান চালাচ্ছিল। একপর্যায়ে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে পৌঁছালে একটি বাল্কহেডের সঙ্গে তাদের টহল নৌযানের সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে যায়।
দুর্ঘটনার পর টহল দলের অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন পুলিশ সদস্য মহসিন সরদার। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মহসিন সরদার খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। বর্তমানে তিনি বাগেরহাট জেলা থেকে নৌ পুলিশে সংযুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তার ছেলে সিয়ামের বয়স ১৪ বছর এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নির বয়স ১৯ বছর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, “রাতের টহল চলাকালে দুর্ঘটনাটি ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”
তিনি আরও জানান, মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন