প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০৯:২৫ এ এম

অনলাইন সংস্করণ

পদ্মা থেকে অবৈধ মাটি উত্তোলন: চাঁপাইনবাবগঞ্জে জরিমানা

 

আব্দুর রাকিব, জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের স্পার বাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। অভিযান চলাকালে শিবির হাট এলাকা থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টরসহ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার জয়ন্দীপুর (রামকৃষ্ণপুর) এলাকার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি পদ্মা নদীর তীরবর্তী কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছিলেন। এ অপরাধে তাকে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৫ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ বলেন, নদী ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন