প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ১১:৫১ এ এম
অনলাইন সংস্করণ
প্রতিনিধি, মনিরামপুর (যশোর)
যশোরের মনিরামপুর উপজেলায় ইয়াবাসহ ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুস সালামকে (৫০) আটক করেছে পুলিশ। মাদকসহ আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের ঘুঘুদাহ-ফেদাইপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মাদকসহ আটকের বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে দ্রুত ব্যবস্থা নেয় উপজেলা বিএনপি। মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুস সালামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে দলের সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সতর্কবার্তা দেওয়া হয় যে, দলের নীতি ও আদর্শের পরিপন্থী কোনো কর্মকাণ্ডকে ভবিষ্যতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এমন কঠোর অবস্থান এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে।
মন্তব্য করুন