প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ১২:০৮ পিএম

অনলাইন সংস্করণ

কেশবপুরে মেধাবী ছাত্রী পূর্ণতার অকাল মৃত্যু, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

 

আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে মেধাবী শিক্ষার্থী ও পরিচিত সাংস্কৃতিক মুখ মাইশা মারজান পূর্ণতার (১৪) অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১১ মে) রাতে কেশবপুর পৌর শহরের কলেজপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত পূর্ণতা কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি ব্যাংক কর্মকর্তা মো. মহাসিন এবং মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুর্শিদা খাতুনের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের সবার অগোচরে নিজ কক্ষের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয় পূর্ণতা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ণতা কেবল পড়াশোনাতেই নয়, সংগীত, আবৃত্তি, উপস্থাপনা ও চিত্রাঙ্কনেও অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন তিনি। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়া এই মেধাবী শিক্ষার্থীর ঘরে সাজানো ক্রেস্ট ও সার্টিফিকেটগুলো এখন কেবলই স্মৃতি।

সহপাঠী ও শিক্ষকরা জানান, পূর্ণতা অত্যন্ত বিনয়ী ও হাসিখুশি স্বভাবের ছিল। তার এমন আকস্মিক প্রস্থানে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শোকের মাতম চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একটি উদীয়মান নক্ষত্রের এমন করুণ বিদায়ে কেশবপুরের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন