প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় রূপগঞ্জে কারখানায় হামলা ও লুটপাটে জামায়াতের উদ্বেগ


আমাদের সকাল ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়ায় একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও পণ্য লুটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবস্থিত বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ কারখানায় গত ১৭ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ১১টার দিকে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে কারখানার ব্যাপক ভাঙচুর করা হয়, শ্রমিকদের মারধর করা হয় এবং ট্রাক এনে কোটি টাকার মালামাল লুট করে নেওয়া হয়।
বিবৃতিতে তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তা মনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত এ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা দাবির জেরে এ ধরনের ন্যক্কারজনক হামলা কেবল একটি কারখানার ওপর আঘাত নয়; বরং দেশের শিল্পখাত, বিনিয়োগ পরিবেশ ও কর্মসংস্থানের ওপর সরাসরি আঘাত।

তিনি বলেন, “আমি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানকে জিম্মি করার অপচেষ্টা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। বিশেষ করে একজন শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তার প্রতিষ্ঠানে হামলা চালানো অত্যন্ত ঘৃণ্য ও অমানবিক কাজ। এ ধরনের ঘটনা দেশে আইনের শাসন ও নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন তোলে।

তিনি আরও বলেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের অভিযোগে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল রহমান হুমায়ুনের নাম এসেছে। এ প্রসঙ্গে তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান এবং বলেন, জড়িতদের দলীয় পরিচয় যাই হোক না কেন, সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং শিল্পকারখানাগুলোকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে শিল্পায়ন ও রপ্তানি বৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে উদ্যোক্তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা জাতীয় অর্থনীতির জন্য অশনিসংকেত। এ অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন