প্রকাশিত: ১৫ মে, ২০২৬, ০৯:০১ এ এম

অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ ‘ভাঙ্গা সাঁকো’ ব্রিজে আতঙ্ক, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

 

আব্দুল্লাহ আল কাফি নিরব
বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর উপজেলার ব্যস্ততম চেলোপাড়া-চন্দনবাইশা সড়কের অদ্দিরগোলা থেকে চেলোপাড়া অংশে অবস্থিত একটি পুরোনো ব্রিজ এখন চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের কাছে “ভাঙ্গা সাঁকো” নামে পরিচিত ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ব্রিজটির এক পাশের রেলিংয়ের বড় অংশ ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাজারো ছোট-বড় যানবাহন চলাচল করে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। তবে ব্রিজটির বর্তমান অবস্থা নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে রাতে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। ব্রিজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতামূলক চিহ্ন না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বর্ষা মৌসুমে ব্রিজটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। ভারী যানবাহন চলাচলের সময় ব্রিজটি কেঁপে ওঠে, যা পথচারীদের মধ্যে ভীতি সৃষ্টি করে।

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, ব্রিজটি সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণে দ্রুত উদ্যোগ না নিলে জনদুর্ভোগের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন