প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ১২:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

ঈদগাহ ময়দানে তরুণ-তরুণীদের অশালীন ভিডিও নিয়ে সমালোচনার ঝড়

ছবি: সংগৃহীত

ইবাদুর রহমান | নবীগঞ্জ, হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা-র ১০নং দেবপাড়া ইউনিয়নের বালিদারা বাজার সংলগ্ন টিলায় অবস্থিত ঐতিহ্যবাহী দিনারপুর পরগানার ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকজন তরুণ-তরুণীর ধারণ করা কিছু ভিডিও টিকটক ও ফেসবুক রিলসে ভাইরাল হলে বিষয়টি নিয়ে সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়দের দাবি, দিনারপুর পরগানার ঈদগাহ ময়দান ধর্মীয় ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। একই টিলার পাশে স্থানীয় কবরস্থানও অবস্থিত।

এলাকাবাসীর অভিযোগ, ধর্মীয় ও পবিত্র স্থানে এ ধরনের কর্মকাণ্ড সামাজিক ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতায় তরুণ সমাজের একটি অংশ অনেক সময় সংবেদনশীল স্থান ও সামাজিক মূল্যবোধের বিষয়টি উপেক্ষা করছে। এ প্রবণতা রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি বলেও মত দিয়েছেন তারা।

মন্তব্য করুন