প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ০৯:৩৮ এ এম
অনলাইন সংস্করণ
শরীয়তপুরের জাজিরা উপজেলায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে অপহৃত ছয় মাস বয়সী শিশু জাহিদ রাফসানকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার রাত সোয়া ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের হাজী মজিদ বেপারী কান্দি এলাকার মালয়েশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও তার স্ত্রী রাত্রি বেগমের ছেলে জাহিদ রাফসান। প্রায় দুই বছর আগে রাত্রি বেগম আমেনা বেগমের মাধ্যমে চার লাখ টাকা সুদে ধার নেন। পরে গত বছর সুদসহ মোট চার লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও আমেনা বেগম আরও টাকা দাবি করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
পরিবারের অভিযোগ, শনিবার ভোরে শিশুটির চাচি আমেনা বেগম কিছু সময়ের জন্য জাহিদকে নিজের কাছে নেন। এরপর থেকেই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শিশুটিকে ফেরত দিতে পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় রোববার দুপুরে শিশুটির পরিবারের সদস্যরা কৌশলে টাকা দেওয়ার কথা বলে আমেনা বেগমকে ডেকে আনেন। তিনি জাজিরার ডুবিসায়বর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন, তবে শিশুটিকে সঙ্গে আনেননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে আমেনা বেগমকে আটক করা হয়।
একই সঙ্গে অপহৃত শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাত সোয়া ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন বলেন, “অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
মন্তব্য করুন