প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১১:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে গৃহহীন ও অসহায় ৯টি পরিবারের জন্য ৯টি বসতঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সিডস অফ সাদাকাহ’র উদ্যোগে গৃহহীন মানুষের আবাসন নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়।
শনিবার (২৩ মে) লামাকাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দাবাজ গ্রামে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। এ সময় গৃহনির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক এবং সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী এবং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী।
এছাড়া সিডস অফ সাদাকাহ’র দায়িত্বশীল হাবিবুর রহমান আবিদ, সমাজসেবী মোক্তার হোসাইন, মোজাহিদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় আটটি গৃহহীন পরিবার এবং একটি নওমুসলিম গৃহহীন পরিবারসহ মোট ৯টি পরিবারের জন্য ঘর নির্মাণ করা হবে। এতে অসহায় পরিবারগুলোর দীর্ঘদিনের আবাসন সংকট অনেকাংশে নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করে বলেন, এমন কার্যক্রম গ্রামীণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন