প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০২:২৯ পিএম

অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ইসলামী ব্যাংকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন অনিয়ম, গ্রাহক হয়রানি ও ব্যাংকিং খাতে অস্থিতিশীলতার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে শহরের ঘোষপাড়া এলাকায় ইসলামী ব্যাংকের শাখার নিচে “ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ”-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যাংক খাতে সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে নানা দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের কার্যক্রমে অস্থিরতা ও নানা অনিয়মের কারণে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। অনেকেই সময়মতো প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পাচ্ছেন না বলেও দাবি করেন তারা। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচি থেকে মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয়। একই সঙ্গে ব্যাংকের পরিবেশ নষ্ট ও অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির অভিযোগ এনে এএমডি কামাল উদ্দিন জসীমকে অপসারণের দাবি তোলা হয়। এছাড়া ব্যাংকের কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করেন বক্তারা।

মানববন্ধনে আরও দাবি জানানো হয়, ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধ করতে হবে, ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের অপচেষ্টা রোধ করতে হবে এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী মো. ওয়াহেদ আলী, প্রভাষক মাহফুজুর রহমান, মো. আতাউর রহমান ও মোসা. লুৎফুন্নেছাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে সাধারণ গ্রাহকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্বচ্ছ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে আয়োজকরা জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন