প্রকাশিত: ৩ জুন, ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির এক নেতার বিরুদ্ধে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলেও পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১৭ মে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. বেলাল একই এলাকার বাসিন্দা মো. রুবেলের সাড়ে তিন বছর বয়সী মেয়ে উম্মে হাবিবাকে বাদামের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। পরে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায়।
শিশুটির বাবা কর্মসূত্রে কক্সবাজারে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় কয়েকজন বিএনপি নেতার কাছে বিষয়টি জানিয়ে বিচার চান।
তবে বিষয়টি দ্রুত নিষ্পত্তি না করে দীর্ঘসূত্রতা করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী পরিবার উপজেলা প্রশাসনের শরণাপন্ন হয় এবং জবানবন্দি দেয়। পরে উপজেলা প্রশাসনের পরামর্শে রামগতি থানায় মামলা দায়ের করা হয়।
পরিবারের দাবি, মামলা দায়েরের পর থানার পক্ষ থেকে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু হলেও পরে তা শ্লথ হয়ে পড়ে। এরপর তারা স্থানীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজামের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ঘটনাটি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে গত ৩১ মে পৌর বিএনপির সেক্রেটারি মুর্তজা আল আমিনের নেতৃত্বে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই বৈঠকে অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলেও কোনো কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযুক্তকে ভর্ৎসনা করে ক্ষমা চাওয়ানোর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, সালিশ বৈঠকের বিষয়ে তাদের আগাম কোনো তারিখ বা সময় জানানো হয়নি। বৈঠক শেষে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হয়। এ কারণে নিরাপত্তাহীনতায় তারা নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে জানিয়েছেন।
মন্তব্য করুন