শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার: এক নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
আব্দুর রাকিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী পলাতক রয়েছেন।
জানা যায়, শিবগঞ্জ থানাধীন নামোচাকপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় অভিযান থেকে ৭ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল কোডিন ফসফেটযুক্ত এসকাফ সিরাপ এবং ১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
অভিযানে মোসা. পপিয়ারা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে তার স্বামী মো. শামির উদ্দীন (৩৯) অভিযান টের পেয়ে পালিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক উভয়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।