প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্য দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে জনদুর্ভোগ লাঘব, তেল-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনভোগান্তি নিরসন, খুনি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের বিচার নিশ্চিত করাসহ ১১ দফা দাবি জনগণের অধিকার রক্ষার জন্য প্রণয়ন করা হয়েছে। এসব দাবি কোনো ব্যক্তি বা দলের নয়, বরং দেশের মানুষের দাবি।

তিনি অভিযোগ করেন, অতীতে বিরোধী মত দমনে গুলি, গুম, খুন, নির্যাতন ও দমন-পীড়ন চালানো হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা করে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর রেলপথে ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হবে। তিনি বলেন, এসব কর্মসূচিতে বাধা দেওয়া হলে আন্দোলন আরও জোরদার হবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের চাহিদা অনুযায়ী গ্যাস, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে হবে। এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার এবং গ্যাসের দাম বৃদ্ধি থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি অভিযোগ করেন, সরকার গ্যাস, বিদ্যুৎ ও কর্মসংস্থানের সংকট নিরসনে ব্যর্থ হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিরোধী ছাত্রসংগঠনের ওপর হামলার অভিযোগ তুলে তিনি সরকারের সমালোচনা করেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মুফতি মুখলেসুর রহমান কাসেমী, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ফখরুল ইসলাম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা সমাবেশে বক্তব্য দেন।

বক্তারা জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য করুন