প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ
নাটোর সদর উপজেলায় মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় নূর হোসেন নামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বড়হরিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
নূর হোসেন উপজেলার পীরজীপাড়া গ্রামের আলহাজ মো. হাফিজ উদ্দিনের ছেলে। তিনি বড়হরিশপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি জংলী ফাজিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে কর্মরত এবং মেরিট একাডেমি স্কুলের পরিচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড়হরিশপুর ইউনিয়নের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা চলছিল। এ সময় বক্তব্য দেওয়ার একপর্যায়ে নূর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নূর হোসেনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল জানান, নূর হোসেন জংলী ফাজিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ছাত্রজীবনে তিনি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এবং বড়হরিশপুর ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন