প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০০ এ এম
অনলাইন সংস্করণ
সাইফুল ইসলাম: (শ্রীমঙ্গল) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ও আশীদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে হাইল হাওড়ে শহরের ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বিলাসেরপাড় এলাকায় স্থানীয় সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে হাইল হাওড় ও এর পরিবেশ রক্ষার দাবি জানান। প্রদর্শিত প্ল্যাকার্ডে লেখা ছিল— “পলিথিন আর প্লাস্টিকে হাওড়ের মিষ্টি পানি আর সবুজ প্রকৃতি আজ বিপন্ন”, “আমাদের পরিষ্কার শহর দরকার, কিন্তু হাওড়কে ময়লার ভাগাড় বানানো চলবে না” এবং “হাওড়ের বুকে ময়লার স্তূপ মানে আগামী প্রজন্মের মুখে বিষ তুলে দেওয়া।”
মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ার মিয়া, সারফিন আহমদ, বিল্লাহ আহমদ, সালমান মিয়াসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, শ্রীমঙ্গল শহরের ময়লা-আবর্জনা হাইল হাওড়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রাকৃতিক জলাশয়ে ফেলার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের কারণে হাওড়ের পানি ও প্রাকৃতিক পরিবেশ দূষিত হচ্ছে।
তারা আরও বলেন, হাইল হাওড় শুধু স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশের সঙ্গে জড়িত নয়, এটি শ্রীমঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তাই এর পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে অবিলম্বে হাইল হাওড়ে বর্জ্য ফেলা বন্ধ করে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প ও উপযুক্ত স্থান নির্ধারণের জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন সচেতন এলাকাবাসী।
মন্তব্য করুন