প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০৪ এ এম

অনলাইন সংস্করণ

শার্শার রুদ্রপুর সীমান্তে ২৬ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

 

বেনাপোল (যশোর) সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ রিপন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

মঙ্গলবার রাতে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে রিপনকে আটক করে। তিনি শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। বিজিবি জানায়, অভিযানে স্বর্ণের বার ছাড়াও দুটি মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণ সরকারি ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তি ও জব্দ করা অন্যান্য মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

 

মন্তব্য করুন