প্রকাশিত: ২৩ আগষ্ট, ২০২৬, ১০:৪২ এ এম

অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে জাহাজডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ

বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: সংগৃহীত

 

বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ২৪ জন ক্রুর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বাকি ২২ জন, যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২২ আগস্ট) পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবে যায়।

‘এমভি ওশন উইনার’ নামের জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। জাহাজটিতে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল। ২৪ সদস্যের ক্রুর মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

ভারতীয় কোস্টগার্ডের আন্দামান-নিকোবরের শ্রী বিজয়া পুরমভিত্তিক মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য পাওয়া যায়। জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী সংস্থা বিষয়টি কোস্টগার্ডকে জানিয়ে নিখোঁজ নাবিকদের উদ্ধারে সহায়তা চায়।

এরপর ভারতীয় কোস্টগার্ড সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চালিয়ে শনিবার রাত ৮টার দিকে দুজন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

নিখোঁজ নাবিকদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনীও অভিযানে যুক্ত হয়েছে। এ জন্য নৌবাহিনীর তিনটি জাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত—মোতায়েন করা হয়েছে। বাকি ২২ নাবিকের সন্ধানে সমুদ্রে অভিযান অব্যাহত রয়েছে।

জাহাজটি ঠিক কখন এবং কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিখোঁজদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকায় তার পরিচয় ও পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন