প্রকাশিত: ৩ অক্টোবার, ২০২৬, ০৭:১৯ এ এম

অনলাইন সংস্করণ

১৮ দিনের বিদেশ সফর ও ওমরাহ শেষে দেশে ফিরেছেন এমপি গাজী এনামুল হক

 

মামুনুর রশিদ খান মণিরামপুর (যশোর) প্রতিনিধি

১৮ দিনের বহুদেশীয় সফর ও পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। সফরে তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন ভ্রমণ করেন। পরে বাহরাইন হয়ে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন। এ সময় তাঁর স্ত্রীও সঙ্গে ছিলেন।

জামায়াতের মিডিয়া সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য এ সফরে অংশ নেন। তাঁদের পরিবারের সদস্যসহ সফরকারী দলের মোট সদস্য ছিলেন ৭১ জন।

সফরসূচি অনুযায়ী, ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় সফরকারীরা মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে তাঁরা দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিকবিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থান পরিদর্শন করেন।

১৭ সেপ্টেম্বর সফরকারী দল সিঙ্গাপুরে যায়। সেখানে একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে দেশটির উন্নয়ন ও রাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা করেন তাঁরা। এরপর ১৯ সেপ্টেম্বর ফিলিপাইনে পৌঁছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন স্থান পরিদর্শনের কর্মসূচিতে অংশ নেন।

সফরের শেষ পর্যায়ে ফিলিপাইন থেকে বাহরাইনে যাত্রাবিরতির পর সৌদি আরবে যান সফরকারীরা। সেখানে তাঁরা পবিত্র ওমরাহ পালন করেন। সফরকারী সংসদ সদস্যদের প্রকাশিত তালিকায় অ্যাডভোকেট গাজী এনামুল হকের নামও ছিল।

এদিকে প্রবাসীদের আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য গাজী এনামুল হক প্রবাসীদের কল্যাণ ও তাঁদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলেন। তিনি জানান, প্রবাসীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরবেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সফরটিকে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি হিসেবে বর্ণনা করা হয়েছে। দলটির সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশের রাষ্ট্রীয় কাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, সংসদীয় কার্যক্রম ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পর্কে ধারণা অর্জন ছিল এ সফরের অন্যতম উদ্দেশ্য।

মন্তব্য করুন