প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৫৩ এ এম
অনলাইন সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
রেল কর্তৃপক্ষের বছরের পর বছর ধরে দেওয়া ‘মিথ্যা আশ্বাস’ আর অবহেলার বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে জয়পুরহাটের পাঁচবিবির সর্বস্তরের জনগণ। পাঁচবিবি রেল স্টেশনে রাজশাহীগামী ট্রেনের স্টপেজ থাকলেও, দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়ে গেছে খুলনা ও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলো।
অবশেষে খুলনাগামী রূপসা ও সীমান্ত এক্সপ্রেস এবং ঢাকাগামী নীলসাগর ও পঞ্চগড় এক্সপ্রেসসহ সকল আন্তঃনগর ট্রেনের জরুরি যাত্রা বিরতির (স্টপেজ) দাবিতে রেললাইনে নেমেছেন হাজারো মানুষ। ৩রা অক্টোবর শনিবার সকাল ৭টায় পাঁচবিবি রেল স্টেশনে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচবিবি রেল স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর স্টপেজ দেওয়ার দাবিতে এর আগেও বিভিন্ন সময়ে একাধিক মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, রেলওয়ে কর্তৃপক্ষ বারবার কেবল মুখে আশ্বাসের বাণী শোনালেও, দীর্ঘদিনেও তার কোনো বাস্তবায়ন বা কার্যকর পদক্ষেপ নেয়নি। কর্তৃপক্ষের এই ধারাবাহিক উদাসীনতার কারণেই স্থানীয় জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
বক্তারা মনে করিয়ে দেন, জয়পুরহাট জেলার মধ্যে পাঁচবিবি উপজেলা ব্যবসা-বাণিজ্যের জন্য একটি প্রাচীনতম ও অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রতিদিন এই অঞ্চলের শত শত ব্যবসায়ীকে বাণিজ্যিক প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে ছুটতে হয়। এছাড়া এখানকার অসংখ্য শিক্ষার্থী দেশের নামী-দামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য নিয়মিত ঢাকা ও খুলনায় যাতায়াত করতে হয়। কিন্তু স্টপেজ না থাকায় প্রতিদিন হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা প্রশ্ন তোলেন, পার্শ্ববর্তী আক্কেলপুর স্টেশনের মতো জায়গায় যদি সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি থাকতে পারে, তবে ভৌগোলিক ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচবিবি স্টেশনে কেন এই বৈষম্য? এটি অত্র এলাকার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি।
রেলওয়ে কর্তৃপক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, অতি দ্রুত পাঁচবিবি রেল স্টেশনে খুলনা ও ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি কার্যকর করতে হবে। অন্যথায়, পূর্বের মতো শুধু স্মারকলিপি ও নিয়মতান্ত্রিক আশ্বাসে এবার আর তারা শান্ত থাকবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অঞ্চলের গণমানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সভাপতি ও পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, সরাইল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, ছাত্র সমাজ এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন