প্রকাশিত: ৭ মে, ২০২৬, ০৭:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

তানোরে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি

ছবি: সংগৃহীত

তানোরে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি
স্থানীয় প্রতিবেদন
শাহরিয়ার আহমেদ সুমন
রাজশাহীর তানোর উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড় ও বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তীব্রতায় উপজেলার সরঞ্জয় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রায়তান আকচা গ্রামে দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রবল বাতাসে পল্লী বিদ্যুতের চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে এবং আরও তিনটি খুঁটি হেলে যায়। ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো চাঁনপুর মোড়ের পশ্চিম পাশে রায়তান আকচা মৌজার মধ্যে অবস্থিত। এতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এছাড়াও ঝড়ে গ্রামের বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। অতিরিক্ত বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। অনেক কৃষক তাদের ফসলের ক্ষতি নিয়ে আহাজারি করছেন।
এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি মেরামত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন