প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ
সংস্কারের দুই মাসেই বেহাল দশায় জয়পুরহাটের পুরানাপৈল বাইপাস-পাঁচুরমোড় সড়ক
নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভ; নীরব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, তদন্ত ও জবাবদিহির দাবি
প্রতিবেদক: মো রাফিউল ইসলাম, জয়পুরহাট।
জয়পুরহাটের পুরানাপুল বাইপাস থেকে পাচুর মোড় পর্যন্ত নবনির্মিত সড়কটি নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে, দেখা দিয়েছে বড় বড় গর্ত ও ভাঙন। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, মোটরসাইকেল আরোহী, অটোরিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহনের চালকদের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের মান নিশ্চিত করতে যথাযথ তদারকির অভাবের কারণেই এত অল্প সময়ে সড়কটি নষ্ট হয়ে গেছে। তাদের দাবি, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক মাত্র দুই মাসের মধ্যেই চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরেজমিনে দেখা যায়, সড়কের একাধিক স্থানে পিচ উঠে গিয়ে ইট ও খোয়া বেরিয়ে এসেছে। কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যায় না, ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। বিশেষ করে মোটরসাইকেল আরোহী ও ছোট যানবাহনের চালকদের সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, নির্মাণকাজ শেষ হওয়ার সময় সড়কটি দেখতে ভালো লাগলেও অল্প দিনের মধ্যেই এর প্রকৃত চিত্র সামনে এসেছে। তাদের অভিযোগ, কাজের গুণগত মান নিশ্চিত করা হলে এত দ্রুত রাস্তার এমন অবস্থা হতো না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্টদের এই নীরবতা জনমনে আরও প্রশ্নের জন্ম দিয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত একটি স্বাধীন কারিগরি তদন্তের মাধ্যমে নির্মাণকাজের মান যাচাই করতে হবে। যদি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বা কাজে অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জনগণের ভোগান্তি দূর করতে দ্রুত টেকসইভাবে সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণেরও দাবি জানিয়েছেন তারা।
জনস্বার্থসংশ্লিষ্ট এই সড়কের বর্তমান অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
মন্তব্য করুন