প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ
মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে রড দিয়ে পিটিয়ে আহত করার পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামে ইউনিয়ন পরিষদ ভবনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
আহত আমানুল্লাহ (৫২) উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হেলাঞ্চি বাজার জামে মসজিদের ইমাম। হামলার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. ফায়াজ আহমেদ ফয়সাল জানান, শনিবার সকাল ৬টা ২০ মিনিটে আহত আমানুল্লাহকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খেদাপাড়া ইউনিয়ন শাখার আমির মাওলানা গোলাম আজম দাবি করেছেন, আহত আমানুল্লাহ দলটির একজন কর্মী। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে এ দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং পুলিশও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ইমাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন