প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগকে ‘বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক ও অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠান, যার ভিত্তি নিরপেক্ষতা ও জনগণের আস্থা। এমন প্রতিষ্ঠানে সক্রিয় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে—এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার জন্য প্রশ্নের জন্ম দেবে।
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত মো. সামসুল আলম বিএনপির একটি কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই তার নিয়োগ বাতিল করে ভবিষ্যতে নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে সর্বজনগ্রাহ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণমুক্ত করার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রশাসক নিয়োগের পরিবর্তে সংবিধানের আলোকে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনা করা উচিত। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে হত্যাকাণ্ড ও অপরাধ বৃদ্ধিতে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ বন্ধ, রাজনৈতিক বিবেচনায় দেওয়া নিয়োগ বাতিল, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান।
মন্তব্য করুন