প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীতে ‘তুলিতে জুলাই’ আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘তুলিতে জুলাই’ শীর্ষক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ডিএনসিসিতে দল-মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা ও জুলাই উদযাপন কমিটি, উত্তরার আহ্বায়ক রোকেয়া বেগমের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক, জামাল উদ্দিন, ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, গাজী মনির হোসাইন, ইসরাফিল হোসেন, সুরুজ্জামান, জাকির হোসাইন, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব ও ইমরান হোসাইনসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “জুলাইকে ভূলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হলে দেশ ও জাতিসত্তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।”

তিনি দাবি করেন, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যেখানে ছাত্র-জনতা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করেছিল।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আন্তরিক নয় এবং সংবিধানের ব্যাখ্যা দিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি অবিলম্বে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তব্যে তিনি আরও বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাব ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে জুলাই আন্দোলনের অর্জন ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি সরকারকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় নিয়ে চিত্রাঙ্কন করেন। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন