প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:৩২ পিএম

অনলাইন সংস্করণ

যুদ্ধ শুরুর পর রেকর্ড হারে দেশ ছেড়েছেন ইসরায়েলিরা

ছবি: সংগ্রীহিত

গত তিন বছরে প্রায় ২ লাখ ৬৮ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই দেশত্যাগের প্রবণতা গত বছর রেকর্ড পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলের একটি নতুন গবেষণা।

ইয়েদিওত আহরোনোত পত্রিকার খবরে বলা হয়েছে, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক সমীক্ষায় দেখা গেছে, ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন ইসরায়েল ছেড়েছেন। এরা অন্তত টানা তিন মাস বা তার বেশি সময় দেশের বাইরে অবস্থান করেছেন।

গবেষণা অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দেশ ছেড়েছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় ৯০ হাজার মানুষ দীর্ঘ সময়ের জন্য ইসরায়েল ছেড়েছেন। অথচ ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে এই সংখ্যা ছিল বছরে গড়ে প্রায় ৬০ হাজার।

অন্যদিকে, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে দীর্ঘমেয়াদে দেশত্যাগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৮৩ হাজার ২১৯। সে তুলনায় সাম্প্রতিক সময়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

গবেষণার তত্ত্বাবধায়ক তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কোলার স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ইতাই আতের বলেন, দীর্ঘ সময়ের জন্য ইসরায়েলিদের দেশ ছেড়ে যাওয়ার এই প্রবণতা ‘গভীর উদ্বেগের’ বিষয়।

তার ভাষায়, ‘প্রকৃত ঝুঁকি হলো অভিবাসনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া এবং দেশত্যাগের সংখ্যা বর্তমান অবস্থায় স্থির না থেকে আরও বাড়তে থাকা।’

গবেষণায় বলা হয়েছে, কয়েক বছর ধরে তুলনামূলক স্থিতিশীল থাকার পর এখন দেশত্যাগ ও প্রত্যাবর্তনের ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।

এর আগে প্রকাশিত আরেকটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইয়েদিওত আহরোনোত জানায়, চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং উচ্চ আয়ের পেশাজীবীদের মধ্যে দেশত্যাগের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পত্রিকাটি বলেছে, ইসরায়েলের অর্থনীতি প্রাকৃতিক সম্পদের ওপর নয়, বরং উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদ, বিশেষ করে উচ্চপ্রযুক্তি ও জ্ঞানভিত্তিক শিল্পের ওপর নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির দেশত্যাগ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

গবেষণাটি এমন সময় প্রকাশিত হলো, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ইসরায়েলের মোট জনসংখ্যা ১ কোটির বেশি।
 

মন্তব্য করুন