প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ০৭:০২ এ এম

অনলাইন সংস্করণ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা

চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টা। ছবি : সংগৃহীত

 

চট্টগ্রাম নগরের চশমা হিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু থেকে আগুনের সূত্রপাত হলেও স্থানীয়দের উপস্থিতিতে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার আওতাধীন মেয়র গলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে দাহ্য পদার্থসমৃদ্ধ একটি বস্তু নিক্ষেপ করে। এতে আগুন জ্বলে উঠলে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা পালিয়ে যায়।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এটি শুধু একটি পরিবারের বাসভবনের ওপর হামলা নয়, বরং নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। একই সঙ্গে তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শনের পর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন লাগার পর স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এটি চতুর্থবারের মতো হামলার ঘটনা। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম হামলা চালানো হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

মন্তব্য করুন